সাম্প্রতিক সময়ে ফায়ার সার্ভিসের দুই কর্মচারী ফায়ার ফাইটার সাদ্দাম হোসেন ও ওয়্যারহাউস ইন্সপেক্টর রেজায় রাব্বির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের পর থেকে একাধিক সংবাদকর্মীকে ধারাবাহিকভাবে হুমকি, ভয়ভীতি ও অপপ্রচারের শিকার হতে হচ্ছে। বিষয়টি গভীর উদ্বেগজনক এবং স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। উল্লেখ্য, ইতিমধ্যেই ফায়ার সার্ভিসের উক্ত দুই কর্মচারীর দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রায় শতাধিক সংবাদ প্রকাশিত হয়েছে।
দুঃখজনকভাবে, সরকারি চাকরিতে কর্মরত থাকা সত্ত্বেও উক্ত দুই কর্মচারী চাকরি বিধি লঙ্ঘন করে বিভিন্ন মিডিয়া হাউজে উপস্থিত হয়ে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য প্রদান করেছেন। ইতোমধ্যে বিষয়টি নিয়ে একাধিক সাংবাদিক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অগ্নি শাখায়ও অভিযোগ জমা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, যাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়েছে, তাদের অনিয়ম ও দুর্নীতির একাধিক তথ্য-প্রমাণ এবং সার্ভিস রেকর্ড সংশ্লিষ্ট দপ্তরে সংরক্ষিত রয়েছে বলে জানা গেছে। কিন্তু এসব অভিযোগের জবাব তথ্য-প্রমাণ দিয়ে না দিয়ে একটি স্বার্থান্বেষী মহল কিছু অনলাইন মাধ্যমে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর সংবাদ প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে।
বিশেষ করে “চাঁদা না দেওয়ায় মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ একপাক্ষিক, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর। সংবাদ প্রকাশের পূর্বে অভিযুক্ত সাংবাদিক মোঃ হাফিজুর রহমান শফিকের বক্তব্য গ্রহণের ন্যূনতম সাংবাদিকতাগত নীতিও অনুসরণ করা হয়নি। ফলে এটি সুস্পষ্টভাবে অপসাংবাদিকতা ও ব্যক্তিগত মানহানির শামিল।
আমরা মনে করি, অনুসন্ধানী সাংবাদিকতা দমিয়ে রাখতে এবং দুর্নীতির সংবাদ প্রকাশ বন্ধ করতেই পরিকল্পিতভাবে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। একজন সরকারি কর্মচারী কর্তৃক মিডিয়ায় এসে হুমকি, বিভ্রান্তিকর বক্তব্য ও অপপ্রচার চালানো সরকারি কর্মচারী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
সাংবাদিক সমাজ এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। একই সঙ্গে মিথ্যা ও অপপ্রচারমূলক সংবাদ প্রকাশে জড়িত ফায়ার সার্ভিসের কর্তৃপক্ষ/ দুর্নীতিবাজ কর্মচারী সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে শীঘ্রই আইনানুগ পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন।
স্বাধীন সাংবাদিকতা ও সত্য প্রকাশের পথ রুদ্ধ করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ রয়েছে।
