মেসির হ্যাটট্রিকে লন্ডভন্ড আলজেরিয়া

২০২৬ বিশ্বকাপে কানসাস সিটিতে গ্রুপ জে-র প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রথম ম্যাচেই মেসির হ্যাটট্রিক। বিশ্বকাপে জার্মান স্ট্রাইক মেশিন মিরেস্লাভ ক্লোসার সর্বোচ্চ গোলের রেকর্ডও স্পর্শ করলেন লিও। এই হ্যাট্রটিকের মধ্য দিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে উঠলেন মেসি।

ম্যাচের ১৭ মিনিটে আসল সেই জাদুকরী মুহূর্তটি। লিওনেল মেসির দুর্দান্ত এক গোলে আলজেরিয়ার বিপক্ষে এগিয়ে গেল আর্জেন্টিনা। আর্জেন্টিনার হয়ে নিজের ২০০তম ম্যাচে খেলতে নামা মেসির এটি জাতীয় দলের হয়ে ১১৮তম এবং বিশ্বকাপে ১৪তম গোল।

মিডফিল্ড থেকে রদ্রিগো দে পল বল বাড়িয়ে দেন মেসির কাছে। বল পেয়ে তিনি পরিচিত ভঙ্গিতে এগিয়ে যান এবং প্রায় ২৫ গজ দূর থেকে জোরালো শট নেন। আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান দুই হাত লাগাতে পারলেও সেই দুর্দান্ত শট ঠেকাতে পারেননি। বল জালে জড়িয়ে গেলে এগিয়ে যায় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ম্যাচের ৬০ মিনিটের মাথায় অ্যালেক্সিস ম্যাক আলিস্টারের বক্সের বাইরে থেকে নেওয়া শট নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান। ফিরতি শটে গোল করে দলকে ২–০ গোলে এগিয়ে দিলেন আর্জেন্টাইন অধিনায়ক।

বিশ্বকাপে এটি মেসির ১৫তম গোল। এই গোলে মেসি ছুঁয়ে ফেললেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিওকে (১৫)।

৬৬ মিনিটে অবিশ্বাস্য দক্ষতায় বল ঠেকিয়ে মেসিকে হ্যাটট্রিক বঞ্চিত করেছিলেন লুকা জিদান। দশ মিনিট পর আর্জেন্টাইন মহাতারকাকে আর আটকে রাখা গেল না। হ্যাটট্রিকটা পেয়েই গেলেন এলএমটেন। দারুণ এক গোলে আদায় করে নিলেন বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক।