কামরাঙ্গীরচরে অলিগলিতে পলিথিনের সাম্রাজ্য

কামরাঙ্গীরচর থানাধীন বেশ কয়েকটি এলাকা জুড়ে এখনও চলছে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের কারখানা। সূত্রে জানা গেছে, ব্যাটারিঘাট, মাদবর বাজার, কয়লারঘাট, হুজুরপাড়া ও খোলামোড়াঘাটসহ বিভিন্ন এলাকার আবাসিক ভবনের আড়ালে এসব কারখানা পরিচালিত হচ্ছে। দিন-রাত শিফট করে কারখানাগুলোতে পলিথিন উৎপাদন অব্যাহত রয়েছে।

উৎপাদিত পলিথিন বিভিন্ন ছোট-বড় ট্রান্সপোর্ট এজেন্সির কাভার্ডভ্যান ও ট্রাকের মাধ্যমে ঢাকায় ও ঢাকার বাহিরে বিভিন্ন পাইকারি বাজারে সরবরাহ করা হচ্ছে।

এলাকার অলিগলি অত্যন্ত সরু হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে সহজে গাড়ি নিয়ে সেখানে পৌঁছানো সম্ভব হয় না। এছাড়া অনেক সময় পরিদর্শনে গেলে স্থানীয় সিন্ডিকেট দলবদ্ধভাবে বাধা সৃষ্টি করে বলেও জানা গেছে।

পলিথিনের এই আগ্রাসন বন্ধে পরিবেশ অধিদপ্তর ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কঠোর পদক্ষেপ নেবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কামরাঙ্গীরচরে নিষিদ্ধ পলিথিনের সিন্ডিকেট: বন্ধ হচ্ছে না কারখানা

গত ১৬ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দে কামরাঙ্গীরচর এলাকার ব্যাটারিঘাট, মাদবর বাজার ও কয়লাঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় তিনটি বড় পলিথিন কারখানা সিলগালা করা হয় এবং বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। সূত্র জানায়, এই একক অভিযানে কারখানাগুলোতে মজুদ থাকা ১০০ টনের (১ লাখ কেজি) বেশি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়।

সূত্র জানায়, ব্যাটারিঘাট, মাদবর বাজার ও কয়লাঘাট এলাকার তিনটি পলিথিন কারখানায় অভিযান পরিচালনা করা হলেও হুজুরপাড়া ও খোলামোড়া এলাকার মোতালেব হাজী এবং জামাল হাজীর কারখানায় এখনো কোনো অভিযান চালানো হয়নি। অভিযোগ রয়েছে, এসব কারখানায় প্রকাশ্যে নিষিদ্ধ পলিথিন উৎপাদন অব্যাহত রয়েছে।

এদিকে, ২০২৫ সালে লিয়াকতের মালিকানাধীন একটি কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছিল। তবে অভিযানের পরও নিষেধাজ্ঞা অমান্য করে কারখানাটি পুনরায় চালু করা হয়েছে বলে স্থানীয় সূত্রের দাবি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি অভিযোগ করে বলেন, আলম ও ওয়াহিদ নামে দুই ব্যক্তি পরিবেশ অধিদপ্তরের একজন কর্মকর্তাকে সঙ্গে নিয়ে বিভিন্ন নিষিদ্ধ পলিথিন কারখানা থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করেন। তার দাবি, লিয়াকতের কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের দিন জামাল হাজীর কারখানা থেকেও উল্লেখযোগ্য পরিমাণ অর্থ নেওয়া হয়েছিল। এছাড়া ঈদের সময় ‘ঈদ সালামি’র নামেও এসব কারখানা থেকে নিয়মিত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।"

এছাড়া সূত্রের দাবি, নিষিদ্ধ পলিথিনের ব্যবসা করে মোতালেব হাজী চারটি বাড়ি নির্মাণ করেছেন। এর মধ্যে একটি আলীনগরে, একটি হুজুরপাড়া এলাকার প্রধান সড়কের ওপর ছয়তলা ভবন এবং অপরদুটিও হুজুর পাড়ায় অবস্থিত।

জানা যায়, জামাল হাজী তার নিজস্ব কারখানা খোলামোড়া এলাকা থেকে অন্যত্র সরিয়ে নিয়েছেন, যার অবস্থান শনাক্তে অনুসন্ধান চলছে। তবে লিয়াকতের কারখানা এখনও খোলামোড়া এলাকাতেই রয়েছে।

পরিবেশ মন্ত্রণালয় সুপারশপ ও কাঁচাবাজারে পলিথিন ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করলেও সস্তা ও সহজলভ্য বিকল্পের অভাব রয়েছে। ফলে বাজারে এর ব্যাপক চাহিদা থাকায় কামরাঙ্গীরচরের মতো আন্ডারগ্রাউন্ড কারখানাগুলোতে পলিথিন উৎপাদন পুরোপুরি বন্ধ করা কঠিন হয়ে পড়ছে।