আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে তুহিন ইয়াকুবকে সম্মাননা স্মারক প্রদান।

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সমাজে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ অতীশ দীপঙ্কর গবেষণা পরিষদের পক্ষ থেকে উদীয়মান তরুণ সমাজসেবক ও চ্যানেল সেভেন টিভির পুরান ঢাকা প্রতিনিধি তুহিন ইয়াকুবকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক একটি জাতীয় সমস্যা, যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ অবস্থায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং তরুণদের সচেতন করতে হবে,বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। এই সামাজিক উদ্যোগ ও জনসচেতনতামূলক কর্মকাণ্ড সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে।

বক্তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, সমাজ এবং বিভিন্ন সামাজিক সংগঠনকে একযোগে কাজ করতে হবে। তুহিন ইয়াকুবের মতো তরুণ সমাজসেবকদের এগিয়ে আসা মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন।

সম্মাননা গ্রহণের পর তুহিন ইয়াকুব বলেন, “এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীলভাবে সমাজের কল্যাণে কাজ করতে অনুপ্রাণিত করবে। মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে আমি ভবিষ্যতেও নিরলসভাবে কাজ করে যাব।”

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান এবং সমাজের সর্বস্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।