'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত বিশ্বকাপের মঞ্চে দীর্ঘ ২৪ বছরের এক ‘অভিশপ্ত’ বৃত্ত ভাঙল ব্রাজিল। ২০০২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের কোনো নকআউট ম্যাচে প্রথমার্ধে পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের ২৯তম মিনিটে কাইশু সানোর গোলে যখন জাপান এগিয়ে যায়, তখন অনেকেই ২০০৬, ২০১৪ ও ২০১৮ সালের মতো ব্রাজিলের সেই চিরচেনা বিদায়ের শঙ্কা করেছিলেন। কিন্তু দ্বিতীয়ার্ধে কোচ আনচেলত্তির চতুর কৌশল আর খেলোয়াড়দের দৃঢ়তায় ব্রাজিল ঘুরে দাঁড়ায়।
পরিসংখ্যান বলছে, নকআউট পর্বে ব্রাজিলের সর্বশেষ পিছিয়ে পড়েও জয় এসেছিল ২০০২ সালের ২১ জুন কোরিয়া-জাপান বিশ্বকাপে।
ম্যাচ শেষে জার্মানির বিখ্যাত অর্থনীতিবিদ ও ফুটবল ভবিষ্যদ্বক্তা জোয়াকিম ক্লেমেন্টকে নিয়ে টুইট করে তোলপাড় ফেলে দিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র।
সামাজিক যোগাযোগমধ্যমে নেইমার তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে সরাসরি ট্যাগ করেন জোয়াকিম ক্লেমেন্টকে। নিজের ক্ষোভ ও ব্যঙ্গ মিশিয়ে নেইমার লেখেন, ‘মিস্টার জোয়াকিম ক্লেমেন্ট.. অনুগ্রহ করে পরের বিশ্বকাপে আবার চেষ্টা করবেন।’ তার এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, যা মূলত এই অর্থনীতিবিদের করা একটি ‘ভুল’ ভবিষ্যদ্বাণীর জবাব।
