বিয়ে করেছেন দেশের টেলিভিশন অঙ্গনের অন্যতম আলোচিত উপস্থাপিকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দীপ্তি চৌধুরী।
আজ, শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্তোরাঁয় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাঁর বিয়ের আকদ সম্পন্ন হয়েছে। তাঁর বরের নাম মুশতাক ইবনে আইয়ুব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
বিয়ের খবর এর সত্যতা নিশ্চিত করে দীপ্তি চৌধুরী গণমাধ্যমকে বলেন, '‘আজকে আমাদের আকদ সম্পন্ন হয়েছে। পরবর্তীতে বড় পরিসরে ধুমধাম আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে, সেখানে সবাইকে আমন্ত্রণ জানাবো। আমাদের নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।’'
দীপ্তি চৌধুরীর স্বামী মুশতাক ইবনে আইয়ুব পেশায় একজন শিক্ষক ও গবেষক। তিনি বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজি (ক্যান্সার বিজ্ঞান) বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।
