গত ১৭ মে সান্তোসের হয়ে কোরিতিবার বিপক্ষে ম্যাচে কাফে চোট পান নেইমার। এরপর মরক্কো ও হাইতির বিপক্ষে ব্রাজিলের দুটি ম্যাচই মিস করেন তিনি। তবে হাইতির বিপক্ষে জয়ের পর থেকেই তার ফেরার ইঙ্গিত দিয়েছিলেন আনচেলত্তি। এবার স্কটল্যান্ড ম্যাচের আগে জানিয়ে দিলেন, নেইমার সম্পূর্ণ প্রস্তুত।
সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ’নেইমার খেলার জন্য প্রস্তুত। সে পুরো সপ্তাহজুড়ে ভালো অনুশীলন করেছে এবং ম্যাচের জন্য নিজেকে দারুণভাবে প্রস্তুত করেছে। আমরা সবাই তার ফেরায় খুশি। সে ৯০ মিনিট খেলতে পারবে। তার শারীরিক অবস্থা ভালো এবং অনুশীলনেও সে দারুণ করেছে।’
স্কটিশদের বিপক্ষে রাফিনিয়া না খেলায় শক্তি কমবে আক্রমণভাগে। শুরুর একাদশে নেইমারের না থাকা নিশ্চিত। তাই দারুণ ফর্মে থাকা ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গী হতে যাচ্ছেন হাইতির বিপক্ষে জোড়া গোল করা ম্যাথুস কুনিয়া। উইংয়ে লুকাস পাকেতার সঙ্গে রায়ান।
মাঝ মাঠে ভরসা দুই অভিজ্ঞ ক্যাসেমিরো ও ব্রুনো গিমারেজ। ডিফেন্স সেন্টার ব্যাক মার্কিনিওস ও গ্যাব্রিয়েল। লেফট ব্যাক ডগলাস সান্তোস ও রাইটে দানিলো। স্কটল্যান্ড বধে ৪-২-৩-১ ফরমেশন হতে পারে আনচেলত্তির প্রথম পছন্দ।
