দিল্লিতে তীব্র হচ্ছে বিক্ষোভ, পদত্যাগের দাবিতে অনড় শিক্ষার্থীরা

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ভারতের রাজধানী দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও বিরোধী দলগুলোর আন্দোলন ক্রমেই আরও তীব্র হচ্ছে। এর মধ্যেই বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে বিশেষ ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এতে তরুণদের ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই উল্লেখ করে তিনি প্রশ্নপত্র ফাঁসের মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্তের কথাও জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, ‘আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই’। একই সঙ্গে তিনি জানান, প্রশ্নপত্র ফাঁসের মামলাগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে সরকার ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

তবে তার এ ঘোষণার পরও আন্দোলনকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি থেকে সরে আসেননি। বৃহস্পতিবারও (২৩ জুলাই) সেই দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ অব্যাহত রেখেছেন বহু মানুষ।

সংবাদমাধ্যম দ্য হিন্দু বলছে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনার তদন্ত ও বিচার নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশ্বাসের পরও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় রয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। প্রশ্নপত্র ফাঁসের মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দেয়ার পর সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে মোদিকে কটাক্ষ করে বলেন, ‘ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত না করে মোদি পুরো দিল্লিই বন্ধ করে দিতে প্রস্তুত।’