রাজধানীর হাজারীবাগে ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. সাগর হোসেন বুলেট (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে হাজারীবাগ পার্কের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। সেখানে বুধবার (২২ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত সাগর হোসেন বুলেট হাজারীবাগের ভাগলপুর লেনের বাসিন্দা। তার বাবা মৃত শাহাদত হোসেন। মঙ্গলবার দিবাগত রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ভোরে তিনি মারা যান।

এ বিষয়ে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুঠোফোনে অগ্রযাত্রা প্রতিদিন কে বলেন তার মাথায় একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

এ হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।