ফ্রিতে ভেরিফায়েড ব্যাজ চালু করছে ফেসবুক

এআই দিয়ে তৈরি ভুয়া প্রোফাইল, ছবি ও কথোপকথন বেড়ে যাওয়ায় আসল ব্যবহারকারী শনাক্ত করতে বিনা মূল্যের ভেরিফায়েড ব্যাজ চালু করছে ফেসবুক।

‘ফেসবুক ভেরিফায়েড’ নামের এই ব্যাজ পেতে ব্যবহারকারীকে সেলফি ভিডিও যাচাই সম্পন্ন করতে হবে।

মেটার তথ্য অনুযায়ী, ব্যবহারকারীর বিদ্যমান প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে দেখতে একটি ফেসিয়াল রিকগনিশনভিত্তিক সেলফি যাচাইয়ের মাধ্যমে প্রক্রিয়াটি সম্পন্ন হবে। পুরো প্রক্রিয়াটি শেষ হতে মাত্র কয়েক মিনিট সময় লাগতে পারে।

নতুন এই ভেরিফিকেশন পেতে ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং তার অ্যাকাউন্টকে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলতে হবে। ভেরিফিকেশন সম্পন্ন হলে ব্যবহারকারীর ব্যাজ ফেসবুক মার্কেটপ্লেস, ডেটিংসহ প্ল্যাটফর্মের বিভিন্ন জায়গায় দেখা যাবে। তবে এটি আগের ভেরিফায়েড ব্যাজের মতো কোনো সেলিব্রিটি, প্রতিষ্ঠান বা কনটেন্টের অনুমোদন নির্দেশ করবে না।

মেটা বলছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের মাধ্যমে এখন খুব সহজেই ভুয়া ছবি, ভুয়া পরিচয় এবং বিশ্বাসযোগ্য প্রোফাইল তৈরি করা যাচ্ছে। এসব ব্যবহার করে প্রতারণা, জালিয়াতি এবং ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা বাড়ছে।

নতুন ‘ফেসবুক ভেরিফায়েড’ ব্যাজের মাধ্যমে ব্যবহারকারীরা অন্তত বুঝতে পারবেন, যার সঙ্গে যোগাযোগ করছেন তিনি একজন বাস্তব ব্যক্তি কি না।

মেটা জানিয়েছে, ‘ফেসবুক ভেরিফায়েড’ ধাপে ধাপে চালু করা হবে। শুরুতে নির্বাচিত কয়েকটি দেশে এটি চালু হবে। পরে পর্যায়ক্রমে বিশ্বের অন্যান্য দেশেও ফিচারটি সম্প্রসারণ করা হবে। কোন কোন দেশে প্রথমে চালু হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।