সরকারি চাকরির আড়ালে হাসপাতালের মালিকানা! দুই চিকিৎসকের দুর্নীতির পর্দাফাঁস
সরকারি হাসপাতালে কর্মরত থাকা অবস্থায় বেসরকারি প্রতিষ্ঠানের মালিকানা ও ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সহকারী অধ্যাপক মুর্শিদা পারভিন এবং ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. হারিস উদ্দিনের বিরুদ্ধে। চ্যানেল সেভেন টিভির অনুসন্ধানে তাদের একাধিক বেসরকারি হাসপাতালে শেয়ার ও পরিচালনার সঙ্গে সম্পৃক্ততার তথ্য উঠে এসেছে। 

অনুসন্ধানে জানা যায়, মুর্শিদা পারভিন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)-এর আজীবন সদস্য। সরকারি হাসপাতালে কর্মরত অবস্থায় কর্মস্থলের বাইরে লাভজনক প্রতিষ্ঠানের সঙ্গে মালিকানা বা ব্যবসায়িক সম্পৃক্ততার বিষয়ে সরকারি বিধিনিষেধ থাকলেও, তার বিরুদ্ধে একাধিক বেসরকারি হাসপাতালে শেয়ারধারী ও পরিচালকের দায়িত্ব পালনের তথ্য পাওয়া গেছে।

মিডফোর্ডের প্রধান সড়কে অবস্থিত একটি ভবনে অনুসন্ধান চালিয়ে মেডিলাইফ স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড, এভার হেলথ হাসপাতাল লিমিটেড ও গ্রীন হেলথ হাসপাতালের সন্ধান পাওয়া যায়। অনুসন্ধানে এসব প্রতিষ্ঠানের সঙ্গে মুর্শিদা পারভিন ও ডা. হারিস উদ্দিনের মালিকানা সম্পৃক্ততার তথ্যও উঠে আসে। 

তথ্য ও দলিল অনুযায়ী, সহকারী অধ্যাপক মুর্শিদা পারভিন মেডিলাইফ স্পেশালাইজড হাসপাতালের ৬ হাজার শেয়ারের মালিক এবং পরিচালকের দায়িত্বে রয়েছেন। এভার হেলথ হাসপাতালেও তার ৭ হাজার শেয়ার রয়েছে এবং তিনি পরিচালকের পদে রয়েছেন বলে জানা যায়। একই প্রতিষ্ঠানে ডা. হারিস উদ্দিনেরও ৭ হাজার শেয়ার এবং পরিচালকের পদ থাকার তথ্য পাওয়া গেছে। 

এছাড়া গ্রীন হেলথ হাসপাতালেও মুর্শিদা পারভিন ও ডা. হারিস উদ্দিনের সমপরিমাণ মালিকানার অংশ থাকার তথ্য অনুসন্ধানে উঠে এসেছে। এ সংক্রান্ত তথ্যের পক্ষে বিভিন্ন দলিল ও নথি রয়েছে বলে জানিয়েছে চ্যানেল সেভেন টিভির অনুসন্ধানী টিম। 

এদিকে, চিকিৎসাসেবার আড়ালে কিশোর গ্যাংকে প্রশ্রয় দেওয়ার অভিযোগও উঠে এসেছে অনুসন্ধানে। এ সংক্রান্ত অভিযোগের পক্ষে সিসিটিভি ফুটেজ রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সহকারী অধ্যাপক মুর্শিদা পারভিনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে ডা. হারিস উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সরকারি বিধি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেন। 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল চ্যানেল সেভেন টিভিকে জানান, দুর্নীতির সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

একই বিষয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ. টি. এম. রুস্তম এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি জানান, অন্যায়মূলক কোনো কাজকে প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই। অভিযোগের প্রমাণ পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তারা।