শনিবার সন্ধ্যায় দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ফরিদা ইয়াসমিন (৫০) ওই এলাকার মফিজুল ইসলামের স্ত্রী। আটক লাইলী আক্তার দেবিদ্বার পৌর এলাকার চাঁপানাঘর গ্রামের আবুল কালাম আজাদের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৩০ বছর ধরে স্বামী ও সন্তানদের নিয়ে ওই বাড়িতে বসবাস করছিলেন ফরিদা ইয়াসমিন। তার স্বামী চট্টগ্রামে জাহাজে চাকরি করেন। দুই মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় তিনি সম্প্রতি বাড়িতে একাই থাকতেন।
সম্প্রতি বাড়ির একটি কক্ষ লাইলী আক্তার নামে এক নারীর কাছে ভাড়া দেওয়া হয়। শনিবার সকালে ফরিদার স্বামী একাধিকবার ফোন করেও স্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে না পেরে ছোট মেয়েকে বাড়িতে গিয়ে খোঁজ নিতে বলেন। পরে মেয়ে মরিয়ম আক্তার বাড়িতে গিয়ে মাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
এ সময় বাড়ির বারান্দা ভেজা দেখতে পেয়ে স্বজনদের সন্দেহ হয়। বিকেলে ফরিদার ভাগনে মামুন বাড়ির পেছনে পলিথিনে মোড়ানো কয়েকটি প্যাকেট দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
