নারীদের নিরাপদ যাতায়াতে চালু হলো পিংক মহিলা বাস সার্ভিস

নারীদের নিরাপদ, স্বচ্ছন্দ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ ‘পিংক বাস সার্ভিস’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি।

তিনি বলেন, নারী যাত্রীদের পাশাপাশি নারী চালক ও নারী কন্ডাক্টরদের নিরাপত্তা, প্রশিক্ষণ ও কর্মপরিবেশ নিশ্চিত করাও সরকারের অন্যতম দায়িত্ব।

আজ রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি কার্যালয়ে মহিলা চালক ও মহিলা কন্ডাক্টরের মাধ্যমে পরিচালিত বিশেষ বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে নারী চালক ও নারী কন্ডাক্টর দ্বারা পরিচালিত এই পিংক বাস সার্ভিস চালু করা হয়েছে।

বিশেষ এই বাস সার্ভিস নারী চালক ও নারী কন্ডাক্টরদের মাধ্যমে পরিচালিত হবে। মঙ্গলবার বিকেল থেকে যাত্রী পাওয়া সাপেক্ষে বাস চলাচল শুরু হবে। আগামীকাল বুধবার থেকে নির্ধারিত রুটে পুরোদমে যাত্রীসেবা চালু হবে।

প্রাথমিকভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন রুটে ১০টি বাস দিয়ে এ সেবা শুরু করা হচ্ছে। এর বাইরে বগুড়ায় দুটি এবং চট্টগ্রামে দুটি বাস চলবে। অর্থাৎ তিন শহরে মোট ১৪টি বাস এ বিশেষ সেবার আওতায় থাকবে।

যাত্রীদের চাহিদা ও প্রয়োজন বিবেচনায় ভবিষ্যতে এই সেবার আওতায় বাসের সংখ্যা আরও বাড়ানো হতে পারে।