আজ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ

মহাজাগতিক বিরল এক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে পৃথিবী। আজ বুধবার (১২ আগস্ট) পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে। প্রায় দুই বছর পর আবারও সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করায় চাঁদের প্রচ্ছায়ায় ঢেকে যাবে সূর্যের পুরো ডিস্ক। ফলে নির্দিষ্ট কিছু এলাকায় দিনের আলো কয়েক মুহূর্তের জন্য বদলে যাবে গাঢ় অন্ধকারে।

পশ্চিম ইউরোপের আকাশে দেখা যাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। ১৯৯৯ সালের পর প্রথমবারের মতো অঞ্চলটির বিভিন্ন স্থান থেকে এমন বিরল দৃশ্য দেখা যাবে।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় (জিএমটি) অনুযায়ী আজ বিকেল ৩টা ৩৪ মিনিটে সূর্যগ্রহণের প্রক্রিয়া শুরু হবে। এরপর চাঁদের ছায়া দ্রুত পৃথিবীর ওপর দিয়ে অগ্রসর হবে। এ সময় চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে অবস্থান করায় পৃথিবীর নির্দিষ্ট কিছু অঞ্চল থেকে সূর্যকে পুরোপুরি দেখা যাবে না। সূর্যের আলো সম্পূর্ণ আড়াল হয়ে যাওয়ায় সেখানে দিনের বেলাতেও রাতের মতো অন্ধকার নেমে আসবে।

সূর্যগ্রহণের সময় চাঁদ, সূর্য ও পৃথিবীর মাঝখানে অবস্থান করলে চাঁদের ছায়া পৃথিবীর ওপর পড়ে। এই ছায়ার কেন্দ্রীয় ও অপেক্ষাকৃত অন্ধকার অংশকে বলা হয় ‘অম্ব্রা’ বা প্রচ্ছায়া। পৃথিবীর যে সরু অঞ্চলের ওপর দিয়ে এই ছায়া অতিক্রম করে, সেখান থেকেই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায়।

পূর্ণগ্রাসের মূল পথের বাইরে ইউরোপ, আফ্রিকা ও উত্তর আমেরিকার বিস্তীর্ণ অঞ্চল থেকেও আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। এসব এলাকায় চাঁদ সূর্যের পুরো ডিস্ক ঢেকে ফেলবে না; সূর্যের একটি অংশ দৃশ্যমান থাকবে। বিশেষজ্ঞদের মতে, আকাশ পরিষ্কার থাকলে এই মহাজাগতিক ঘটনা সবচেয়ে ভালোভাবে উপভোগ করা সম্ভব হবে।

গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর রাশিয়া, স্পেন ও পর্তুগালের কিছু অংশ থেকে এবারের পূর্ণগ্রাস সবচেয়ে ভালোভাবে দেখা যাবে। বিশেষ করে স্পেনের উত্তরাঞ্চল ও উত্তর-পশ্চিম পর্তুগালের কিছু এলাকায় সূর্যাস্তের ঠিক আগমুহূর্তে পূর্ণগ্রাস দেখা যেতে পারে। ফলে সেখানে একই সঙ্গে সূর্যগ্রহণ ও সূর্যাস্তের বিরল দৃশ্য দেখার সুযোগ তৈরি হয়েছে।

বাংলাদেশ থেকে আজকের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে না। কারণ গ্রহণের যে সময়ে বাংলাদেশে তা ঘটবে, তখন সূর্য দিগন্তের নিচে থাকবে। ফলে দেশের কোনো অঞ্চল থেকেই সরাসরি এ মহাজাগতিক দৃশ্য পর্যবেক্ষণ সম্ভব হবে না।