(জবি)জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মডার্ন ল্যাঙ্গুয়েজেস ডিবেটিং ক্লাব (আইএমএলডিসি)-এর উদ্যোগে ‘বার্ষিক বিতর্ক কর্মশালা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
আজ, (১০ আগস্ট) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মডার্ন ল্যাঙ্গুয়েজেসে এ কর্মশালার আয়োজন করা হয়। ক্লাবের সাধারণ সম্পাদক সৌহার্দ্য দেবের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন আইএমএলডিসির মডারেটর ও সহযোগী অধ্যাপক ড. খন্দকার মোন্তাসির হাসান।
উদ্বোধনী বক্তব্যে ড.খন্দকার মোন্তাসির হাসান বলেন, "বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক চর্চার অভ্যাস গড়ে ওঠে। তারা যুক্তির মাধ্যমে নিজের মতামত প্রকাশের পাশাপাশি অন্যের মতামতকে শ্রদ্ধার সঙ্গে শুনতে শেখে। বিতর্ক শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তাশক্তি, বিশ্লেষণী ক্ষমতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সর্বোপরি, বিতর্কচর্চা শিক্ষার্থীদের শুধু ভালো বক্তা নয়, সচেতন, যুক্তিবাদী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। এই লক্ষ্যেই কর্মশালাটির আয়োজন করা হয়েছে।"
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. প্রতিভা রানী কর্মকার বলেন, বিতর্ক একটি যৌক্তিক আলোচনা, যা কথা বলা, সুন্দরভাবে যুক্তি উপস্থাপনসহ বিভিন্ন দক্ষতা অর্জনে সহায়তা করে এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করে। বিতর্ক শুধু তর্ক নয়; বরং যুক্তিতর্কের যথাযথ উপস্থাপন। শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের কর্মশালা অত্যন্ত প্রয়োজনীয়।
কর্মশালার সমাপনী বক্তব্যে ক্লাবের সভাপতি শিহাব হিফজু বলেন, আজকের কর্মশালায় অংশগ্রহণকারীরা যে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেছে, তা তাদের ভবিষ্যৎ পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই কর্মশালার মাধ্যমে যুক্তিবাদী, আত্মবিশ্বাসী ও দক্ষ বিতার্কিক গড়ে উঠবে, যারা ভবিষ্যতে বিতর্কাঙ্গনকে আরও সমৃদ্ধ করবে।
দিনব্যাপী কর্মশালাটি তিনটি শিক্ষণীয় ও প্রাণবন্ত সেশনের মাধ্যমে সম্পন্ন হয়। সেশনগুলোতে তিনজন প্রশিক্ষক ‘সংসদীয় বিতর্কের আদ্যোপান্ত’, ‘প্রেপ টাইম স্ট্র্যাটেজি ও আর্গুমেন্টেশন’ এবং ‘মোশন এনালাইসিস ও ক্যারেক্টারাইজেশন’ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি অংশগ্রহণকারীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দিকনির্দেশনাও দেওয়া হয়।
প্রশিক্ষকেরা নিজেদের অভিজ্ঞতা ও দক্ষতা অংশগ্রহণকারীদের সঙ্গে ভাগ করে নেন এবং বিতর্কচর্চায় নতুন দিগন্ত উন্মোচনে তাদের উৎসাহিত করেন।
