মেধাবী প্রকল্পের শিক্ষার্থীদের ইসলামের মডেল ও জ্ঞান-বিজ্ঞানের প্রতীক হতে বললেন- উপাচার্য

পলি আক্তার, জবি প্রতিনিধি

(জবি)জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত ‘মেধাবী প্রকল্পের’ উদ্যোগে ‘আউটডোর ইভেন্ট ২.০’, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ও ‘ফটো কনটেস্ট’-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় আস-সুন্নাহ ফাউন্ডেশন মেধাবী মিলনায়তনে এ অনুষ্ঠানের
আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। তিনি মেধাবী প্রকল্পের শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিশেষ সুযোগ-সুবিধা পাওয়ায় তাদের দায়িত্বও বেশি। প্রত্যেককে দেশের সম্পদ ও সমাজের অনুকরণীয় আদর্শ হিসেবে গড়ে উঠতে হবে।

উপাচার্য বলেন, “তোমাদের ইসলামের মডেল এবং জ্ঞান-বিজ্ঞানের প্রতীক হিসেবে গড়ে উঠতে হবে—এটাই আমাদের প্রত্যাশা।” এ ছাড়া, শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও আদর্শিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে জ্ঞান-বিজ্ঞান ও মানবকল্যাণে অবদান রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে মেধাবী প্রকল্পের ইনচার্জ মামুনুর রশীদ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও মেধাবী প্রকল্পের আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।