নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের

নেপালের উত্তরাঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। দুর্যোগকবলিত নেপালের জনগণের পাশে দাঁড়াতে এবং জরুরি মানবিক সহায়তা হিসেবে ১০ লাখ মার্কিন ডলার অনুদানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

ঢাকা ও কাঠমান্ডুর দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতেই এই সহায়তার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের চলতি অর্থবছরের বিশেষ বরাদ্দ থেকে দেয়া হচ্ছে এই অর্থ। অনুদানের বিষয়টি বর্তমানে চূড়ান্ত অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে রয়েছে বলে জানা গেছে।

সম্প্রতি নেপাল-তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে।নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ দুর্যোগে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ নিখোঁজ রয়েছেন।