রাজধানীর হাজারীবাগের গনকটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাত আনুমানিক ১টার দিকে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্র ও এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের সহায়তায় এ ককটেল নিক্ষেপ করা হয়ে থাকতে পারে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-প্রচার সম্পাদক সোহেল ওরফে ‘কানা সোহেল’-এর সম্পৃক্ততার অভিযোগও তুলেছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। তবে এসব অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
স্থানীয়দের কেউ কেউ দাবি করেন, সোহেলের লোকজনের মাধ্যমে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটতে পারে। এর আগে বেরিবাঁধ এলাকায় আওয়ামী লীগের একটি মিছিলের ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল বলেও স্থানীয় সূত্রে জানা গেছে। ওই মিছিলের নেতৃত্ব ও পরিচালনার সঙ্গে সোহেল ওরফে ‘কানা সোহেল’ যুক্ত ছিলেন বলে স্থানীয়দের দাবি। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে তার নাম প্রকাশিত হয়েছে বলেও তারা জানান।
ককটেল বিস্ফোরণের খবর পেয়ে হাজারীবাগ থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করা হয়।
পুলিশ জানায়, ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ককটেল নিক্ষেপকারী বা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে বিস্ফোরণের শব্দে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ব্যক্তি আহত বা কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ঘটনার সঙ্গে কারা জড়িত এবং ককটেল নিক্ষেপের প্রকৃত কারণ কী—তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
