হুথিদের রাজনৈতিক ব্যুরোর সদস্য হাজেম আল-আসাদ বুধবার (১৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সৌদি জোটের অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, মক্কা লক্ষ্য করে হামলার অভিযোগ নতুন কিছু নয় এবং এর কোনো ভিত্তি নেই।
অন্যদিকে, এ ঘটনায় নিন্দা জানিয়েছে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)। ৫৭টি মুসলিম দেশের এই জোট, যা বিশ্বের প্রায় ১৫০ কোটি মুসলমানের প্রতিনিধিত্ব করে, বলেছে, এ ধরনের হামলার চেষ্টা 'পবিত্র স্থান ও মসজিদের মর্যাদা লঙ্ঘন করে' এবং নিরীহ বেসামরিক মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়।
সাম্প্রতিক সময়ে সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের বিরুদ্ধে সামরিক তৎপরতা বাড়িয়েছে হুতিরা। পাশাপাশি, নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকার পরিধিও বাড়িয়েছে তারা। গত সপ্তাহে, ইয়েমেনের লোহিত সাগর উপকূলের একটি বন্দরনগরী এবং গুরুত্বপূর্ণ একটি নৌপথের কাছের একটি দ্বীপের নিয়ন্ত্রণ নেয় গোষ্ঠীটি।
