বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী

হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথ পাঠ করান।

শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিসহ সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২১ সেপ্টেম্বর বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীকে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। আইন মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লার সই করা এ-সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীকে হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শপথ গ্রহণের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে।

উল্লেখ্য, দেবাশীষ রায় চৌধুরী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী নিতাই রায় চৌধুরীর পুত্র। তিনি ২০২৪ সালের ৮ অক্টোবর হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে প্রথম নিয়োগ পান।

তবে একই সময়ে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া তাঁর কয়েকজন সহকর্মীকে ২০২৫ সালের নভেম্বরে স্থায়ী করা হলেও তখন দেবাশীষ রায় চৌধুরীর নিয়োগ স্থায়ী করা হয়নি। প্রায় এক বছর পর এসে এখন তাঁকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হলো।

তাঁর পেশাগত জীবনের দিকে তাকালে দেখা যায়, যুক্তরাজ্য থেকে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি সম্পন্ন করার পর ২০০৫ সালে জেলা আদালতে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি। এরপর ২০০৭ সালে হাইকোর্ট বিভাগে এবং ২০১৮ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির মাধ্যমে তাঁর আইনি ক্যারিয়ারের পরিধি ধারাবাহিকভাবে বিস্তৃত হয়।