হেলিকপ্টার দুর্ঘটনায় বন্ধুকে হারিয়ে, কাঁদছেন নেইমার

ঘনিষ্ঠ এক বন্ধুকে হারিয়ে কাঁদছেন নেইমার। হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকার বন্ধু, ব্যবসায়ী ব্রুনো আভেলারে। ব্রাজিলের সান্তা ক্যাটারিনা অঙ্গরাজ্যে ভয়াবহ এই দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা পাঁচজনের কেউই বেঁচে ফেরেননি।

সিএনএন ব্রাজিলের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় নিশ্চিত করা হয়। তারা হলেন ব্যবসায়ী ব্রুনো আভেলার, সংগীতশিল্পী রিক, ভিডিও নির্মাতা পাওলো সোয়ারেস, পাইলট আন্তোনিও এবং সহকারী পাইলট লিওপোলদো।

সোমবার সকালে পোর্তো বেলো থেকে সাও জোয়াকিমের উদ্দেশে উড়েছিল হেলিকপ্টারটি। তবে নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর আগেই সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পিপি-এমজিআর নিবন্ধন নম্বরের বেল ৪৩০ মডেলের হেলিকপ্টারটির মালিক ছিল জেটিএ এমপ্রিনডিমেন্তো এ উরবানিসমো।

দুর্ঘটনার সময় ওই অঞ্চলে ঝড়ের পূর্বাভাস ছিল। হেলিকপ্টারটির খোঁজে পরে বড় ধরনের উদ্ধার অভিযান শুরু হয়। ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, সামরিক পুলিশ, ব্রাজিলিয়ান বিমানবাহিনী ও স্বেচ্ছাসেবকেরা এতে অংশ নেন। জিপিএস সংকেত পাওয়ার পর ধ্বংসাবশেষ শনাক্ত করতে থার্মাল সেন্সরযুক্ত ড্রোনও ব্যবহার করা হয়।

ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যুর খবর পেয়ে ভীষণ ভেঙে পড়েছেন নেইমার। সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক বার্তা দিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। পুরোনো একটি ভিডিও শেয়ার করে তিনি আভেলারের প্রতি শ্রদ্ধা জানান। ব্রাজিলে ফেরার পর তাকে দেওয়া সহযোগিতার জন্য বন্ধুকে ধন্যবাদ জানান নেইমার এবং তার আত্মার শান্তি কামনা করেন।