শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ টাকা, ১৮ দেশের মুদ্রা

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের তিনটি ডেকচি ও পাঁচটি দানবাক্স খুলে পাওয়া গেছে ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা। এ ছাড়া মাজারের দানবাক্স থেকে ১ ভরি সাড়ে ৮ আনা সোনা, ৩ ভরি ১৩ আনা রূপা এবং ১৮টি দেশের বিভিন্ন বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে।

শনিবার (২৪ অক্টোবর)পঞ্চমবারের মতো দানবাক্স ও ডেগ খুলে এসব অর্থ ও মূল্যবান সামগ্রী পাওয়া যায়।

সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে দানের অর্থ গণনা শুরু হয়। কর্মচারী নিয়োগের প্রক্রিয়া শেষ না হওয়ায় আগেরবারের গণনার এক মাস আট দিন পর এ কার্যক্রম পরিচালনা করা হয়।

গণনায় পাওয়া বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে—১৪ ব্রিটিশ পাউন্ড, ৭ হাজার ৬৪৭ ভারতীয় রুপি, ২০ থাই বাথ, ৯৩ সৌদি রিয়াল, ১১ মালয়েশিয়ান রিঙ্গিত, ২৯ মার্কিন ডলার, ১ হাজার ৩৫০ দশমিক ৫০ ওমানি বাইসা, ৬৫ সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, ১৫ মালদ্বীপের রুপি, ১৭ কাতারি রিয়াল, ৭ ইউরো ৩৩ সেন্ট, ১০০ বাহরাইনি ফিলস, ১০ হংকং ডলার, ১ ব্রুনাই ডলার, ৫৫ নেপালি রুপি, ১০০ পাকিস্তানি রুপি, ৫০ রুশ রুবল এবং ৫০০ শ্রীলঙ্কান রুপি।

মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে গত ২৩ সেপ্টেম্বর গঠিত কমিটির সভায় প্রতিদিন দানের টাকা গণনার সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য একজন ব্যবস্থাপক,একজন হিসাবরক্ষক ও একজন অফিস সহকারী নিয়োগ দেয়ার কথা রয়েছে। তাদের দায়িত্ব হবে দানের অর্থ গণনা,হিসাব সংরক্ষণ ও ব্যয় ব্যবস্থাপনা। তবে নিয়োগপ্রক্রিয়া শেষ না হওয়ায় প্রতিদিন অর্থ গণনার ব্যবস্থা এখনো চালু হয়নি।