মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলায় বাংলাদেশের নিন্দা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা—এমনটাই দাবি করেছে সৌদি আরব নেতৃত্বাধীন সামরিক জোট।

গত মঙ্গলবার ভোরে ঘটা এই ঘটনায় তাইবাহ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়। তবে এতে বৃহত্তর বিদ্যুৎ সরবরাহে বড় কোনো ব্যাঘাত ঘটেনি বলে জানিয়েছে জোটটি।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। রোববার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সৌদি আরবের মদিনার তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশ সরকার দৃঢ়ভাবে নিন্দা জানাচ্ছে।

বিবৃতিতে বলা হয়, সৌদি আরবের পবিত্র নগরী মদিনার তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার ঘটনাকে বাংলাদেশ সরকার তীব্র নিন্দা জানায়। মসজিদে নববীর সেবায় নিয়োজিত গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা ইসলাম ধর্মের পবিত্রতম স্থানগুলোর মর্যাদার ওপর এক অগ্রহণযোগ্য আঘাত।

এতে আরো বলা হয়, সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির পাশে দৃঢ়ভাবে অবস্থান করছে বাংলাদেশ সরকার। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ক্ষুণ্ণ করে—এমন যেকোনো আগ্রাসী কর্মকাণ্ডকে বাংলাদেশ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে।