ব্রেকিং ব্যাড-খ্যাত অভিনেতা আর জে মিটি মারা গেছেন

জনপ্রিয় মার্কিন টেলিভিশন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এর অভিনেতা আর জে মিটে মারা গেছেন। ৩৪ বছর বয়সী এই অভিনেতার মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ব্রাউনসভিলে। তবে তাৎক্ষণিকভাবে তাঁর মৃত্যুর কারণ জানা যায়নি।

সেরিব্রাল পালসিতে আক্রান্ত হয়েও অভিনয় ও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিয়ে কাজের মাধ্যমে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন তিনি।

‘ব্রেকিং ব্যাড’ সিরিজে ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয়ের সময় নিজের জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছিলেন মিটে। সিরিজটিতে তার বাবা ওয়াল্টার হোয়াইটের চরিত্রে অভিনয় করেন ব্রায়ান ক্র্যানস্টন। আর অ্যারন পল অভিনয় করেন জেসি পিংকম্যানের ভূমিকায়।

মিটের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ‘ব্রেকিং ব্যাড’-এর সহঅভিনেতা অ্যারন পল। ‘দ্য হলিউড রিপোর্টার’কে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, মিটের মৃত্যুতে তিনি বাক্‌রুদ্ধ ও গভীরভাবে মর্মাহত। তিনি আরও বলেন, ‘আর জে, বন্ধু, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ভীষণ মিস করব।’

আরেক সহঅভিনেতা ডিন নরিসও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেন। তিনি লেখেন, মিটে পর্দায় তাঁর ছেলের চরিত্রে অভিনয় করলেও শুটিংয়ের সময় তিনি সব সময় তরুণ অভিনেতাটিকে আগলে রাখতেন। মিটেকে অসাধারণ মনের একজন তরুণ উল্লেখ করে তিনি বলেন, তাঁকে ভীষণভাবে মিস করা হবে।