বিয়ে ভাঙতে বান্ধবীকে দিয়ে ‘বিষ মেশানো মিষ্টি’ পাঠালেন কনে

নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের আয়োজনের মধ্যে বরের জন্য পাঠানো মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগ উঠেছে। মিষ্টিতে অস্বাভাবিক গন্ধ পেয়ে সন্দেহ হয় বরের। পরে মিষ্টি নিয়ে আসা এক তরুণীর হাতে কীটনাশকের বোতল দেখতে পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর বিয়ে না করেই বাড়ি ফিরে যান বর। একই সঙ্গে ওই তরুণীর হাতে কীটনাশকের বোতল দেখতে পেয়ে পুরো বিয়েবাড়িতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত কনেকে বিয়ে না করেই বাড়ি ফিরে গেছেন বরযাত্রীরা।

বুধবার সন্ধ্যায় মোহনগঞ্জ উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের বসন্তিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বর তাওফিকুর রহমানের বয়স ২৫ বছর। তিনি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেরিকান্দা গ্রামের সিদ্দিক আলীর ছেলে। কনে সাদিয়া আক্তারের বয়স ২০ বছর। তিনি বসন্তিয়া গ্রামের নিজাম উদ্দিন ওরফে ওলামের মেয়ে।

ঘটনার বিবরণ দিয়ে বরের চাচাতো ভাই বজলুর রহমান জানান, বুধবার বেলা ৩টার দিকে তারা বর তাওফিকুর রহমানকে নিয়ে কনের বাড়িতে পৌঁছান। বিয়ে পড়ানোর জন্য কাজিও তখন উপস্থিত ছিলেন এবং বরযাত্রীরা খাওয়াদাওয়া করছিলেন। বজলুর রহমান নিজেও বরের পাশেই বসা ছিলেন। এমন সময় বোরকা পরা এক তরুণী মিষ্টি নিয়ে এসে বলেন, এসব মিষ্টি শুধু বর খাবেন, অন্য কেউ নয়।

বজলুর রহমান বলেন, ‘মিষ্টি মুখে দেওয়ার সময় বর তাতে বিষের গন্ধ পান। বিষয়টি জানালে আমরা মিষ্টি পরীক্ষা করে তাতে বিষ মেশানো হয়েছে বলে সন্দেহ করি। এ সময় ওই তরুণীর হাতে একটি কীটনাশকের বোতলও দেখতে পাই। পরে মিষ্টি রেখে ওই তরুণী দ্রুত সেখান থেকে সরে পড়েন।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শহীদুল ইসলাম জানান, সন্ধ্যার দিকে তাওফিকুর রহমান নামে এক যুবক জরুরি বিভাগে আসেন। তার স্বজনরা জানান, বিয়ের অনুষ্ঠানে তাকে বিষ মেশানো মিষ্টি দেওয়া হয়েছিল। তবে তিনি মিষ্টিটি খাননি। তিনি ভীত ও মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য সাইদুল ইসলাম বলেন, বরপক্ষের লোকজন মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগ করেছেন। তবে মিষ্টিতে আদৌ বিষ ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এর পেছনে কোনো ষড়যন্ত্রও থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি। ঘটনার পর বরপক্ষ বিয়ে না করেই চলে যায়।