পিউ রিসার্চ সেন্টারের (Pew Research Center) সাম্প্রতিক গবেষণায় বলা হয়েছে, ২০২০ সালে বিশ্বে খ্রিষ্টান জনসংখ্যা ছিল প্রায় ২শ ২৭ কোটি এবং মুসলিম জনসংখ্যা ছিল প্রায় ২শ ২ কোটি। তবে ২০৩৫ সাল নাগাদ মুসলিম জনসংখ্যা বেড়ে প্রায় ২শ ৫৭ কোটি এবং খ্রিষ্টান জনসংখ্যা প্রায় ২শ ৫২ কোটিতে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে মুসলিমরা বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠীতে পরিণত হতে পারে।
গবেষণায় মুসলিম জনসংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হিসেবে তুলনামূলক বেশি জন্মহার এবং তরুণ জনগোষ্ঠীর সংখ্যাকে চিহ্নিত করা হয়েছে। ২০২০ থেকে ২০২৫ সালের হিসাব অনুযায়ী, মুসলিম নারীদের গড় সন্তান জন্মদানের হার ৩ দশমিক ১, খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে ২ দশমিক ৫ এবং অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর নারীদের ক্ষেত্রে গড়ে ১ দশমিক ৬।
গবেষণায় আরও বলা হয়েছে, মুসলিম জনসংখ্যার এই বৃদ্ধি মূলত জন্মহারের কারণে ঘটবে; ধর্মান্তরের কারণে নয়। বিশ্বের বিভিন্ন অঞ্চলে মুসলিম জনসংখ্যা বাড়লেও, অধিকাংশ বৃদ্ধি ঘটবে এমন দেশগুলোতে যেখানে মুসলিমরা ইতোমধ্যে সংখ্যাগরিষ্ঠ।
পূর্বাভাস অনুযায়ী, ২০৭০ সাল নাগাদ বিশ্বে মুসলিম জনসংখ্যা ৩শ ৬০ কোটির বেশি হতে পারে। একই সময়ে খ্রিষ্টান জনসংখ্যা প্রায় ৩শ কোটি হওয়ার সম্ভাবনা রয়েছে। আফ্রিকার সাব-সাহারা অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির কারণে মুসলিম ও খ্রিষ্টান উভয় সম্প্রদায়ের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।
তবে গবেষকরা বলছেন, এসব হিসাব বর্তমান জনসংখ্যা, জন্মহার, মৃত্যুহার, অভিবাসন ও ধর্মীয় পরিচয় পরিবর্তনের প্রবণতার ওপর ভিত্তি করে তৈরি পূর্বাভাস। ভবিষ্যতে যুদ্ধ, মহামারি, অর্থনৈতিক পরিবর্তন কিংবা সামাজিক পরিস্থিতির কারণে এসব হিসাব পরিবর্তিত হতে পারে।
