কুষ্টিয়ায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে এক ছাত্রীকে ছুরিকাঘাতে জখম করেছে এক যুবক। সোমবার (৯ নভেম্বর) দুপুরে ২ নম্বর ওয়ার্ডের কিচেন ক্লাব গলিতে নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে। হামলার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আহত স্কুলছাত্রীর নাম জাকিয়া সুলতানা (১৫)। সে কুষ্টিয়া মিশন স্কুলের দশম শ্রেণির ছাত্রী এবং থানাপাড়া এলাকার জাকারিয়া হোসেনের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে টেস্ট পরীক্ষা শেষ করে বাসায় ফিরছিলেন জাকিয়া। তার বাসার সামনে আগে থেকেই ওঁৎ পেতে ছিল বখাটে ইমন। জাকিয়া বাসার গেটে পৌঁছানোর কয়েক মিনিটের মধ্যে ইমন তার ওপর হামলা চালায়। এ সময় এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় জাকিয়াকে উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

জানা গেছে, ইমন স্থানীয় আরেকটি বেসরকারি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। একই কোচিং এ পড়ার সুবাদে জাকিয়ার সঙ্গে পরিচয় হয় তার। এরপর থেকে মেয়েটিকে উত্যক্ত করে আসছিল বখাটে ইমন বলে পরিবারের দাবি।

এ ঘটনায় থানাপাড়া এলাকাসহ শহরের অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। স্কুলপড়ুয়া মেয়েদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত হামলাকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীকে শনাক্তের চেষ্টা চলছে।