এর আগে রয়টার্সকে হাসিনা বলেছিলেন, দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন তিনি। তার সহযোগীরা এই আন্তর্জাতিক বার্তা সংস্থাকে জানিয়েছেন, সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরই ফেরার তারিখ ঘোষণা করা হবে।
লন্ডনভিত্তিক ‘ম্যাট্রিক্স চেম্বার্সের’ আইনজীবীরা দিল্লির বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে লেখা চিঠিতে উল্লেখ করেছেন, ‘অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষের পক্ষ থেকে তার বর্তমান বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিলের খবরের পরিপ্রেক্ষিতে, আমি আমাদের মক্কেলের জন্য একটি নতুন বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সবিনয় অনুরোধ জানাচ্ছি।’
চিঠিতে বাংলাদেশি জাতীয়তার ভিত্তিতে এবং ‘আন্তর্জাতিক মানবাধিকার আইনের বাধ্যবাধকতা অনুযায়ী’ আবেদনগুলো ‘দ্রুততার সঙ্গে’ প্রক্রিয়াকরণের অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। একই বছরের ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে গিয়ে বর্তমানে তিনি প্রতিবেশী দেশ ভারতে অবস্থান করছেন।
