ভারতে বিমান বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী নিহত

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী ও জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) প্রধান অজিত পাওয়ারকে বহনকারী একটি বিমান জরুরি অবতরণের চেষ্টার সময় মহারাষ্ট্রের বারামতি বিমানবন্দরে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় তিনিসহ মোট ছয়জন নিহতের খবর পাওয়া গেছে। বুধবার (২৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

অজিত পাওয়ার বারামতীতে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। তবে কী কারণে বিমানটি জরুরি অবতরণ করেছিল ও কীভাবে দুর্ঘটনাটি ঘটলো, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

স্থানীয় প্রশাসন ও জরুরি সেবাদানকারী দলগুলি ঘটনাস্থলে পৌঁছে তদন্ত ও উদ্ধারকাজ শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনার বিস্তারিত কারণ জানার চেষ্টা চলছে।

৬৬ বছর বয়সী মহারাষ্ট্রের এই উপ-মুখ্যমন্ত্রী ছিলেন প্রবীণ রাজনীতিবিদ এবং এনসিপি প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারের ভাগ্নে এবং লোকসভার সাংসদ সুপ্রিয়া সুলের চাচাতো ভাই। সংসদের বাজেট অধিবেশনে যোগদানের জন্য দিল্লিতে থাকা শরদ পাওয়ার এবং সুলে শিগগিরই পুনের উদ্দেশে রওনা হবেন।