মোল্লাহাটে দুর্বৃত্তদের গুলিতে শ্রমিক লীগ নেতা নিহত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে সোহাগ শেখ (৪২) নামে এক শ্রমিক লীগ নেতা নিহত হয়েছেন।

শনিবার (১৪ মার্চ) রাত সোয়া ১০ টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নর গাড়ফা বাজার পানের হাটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ শেখ উদয়পুর ইউনিয়নের দৈবকান্দী গ্রামের দাউদ শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি মোল্লাহাট উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে সোহাগ শেখ গাড়ফা পানের হাট এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে আসা অজ্ঞাত দুর্বৃত্তরা তার পথরোধ করে। এ সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রমজানুল হক বলেন, মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা সোহাগ শেখকে লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।