‘আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার’

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যার ঘটনায় ‘ধর্ষণের’ দায় স্বীকার করলেও ‘হত্যার’ দায় অন্যের ওপর চাপানোর চেষ্টা করেছেন প্রধান আসামি সোহেল রানা। অভিযোগ গঠনের দিন আদালতে আসলে সাংবাদিকদের সামনে হত্যার দায় অস্বীকার করে সোহেল রানা বলেন, ‘আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার।’ এসময় স্ত্রী স্বপ্না আক্তারকেও নির্দোষ বলে দাবি করেন তিনি।

সোহেল রানার অভিযোগ অনুযায়ী, মিরপুর ১১ নম্বরের প্রভাবশালী এক ব্যক্তি ‘ডলার’ হত্যায় জড়িত। এছাড়াও সোহেল রানা নিজের ডিএনএ পরীক্ষা না করে প্রতিবেদনে তা ‘অটোমেটিক’ লিখে দেওয়া হয়েছে বলে আদালত ও গণমাধ্যমের সামনে দাবি করেন। নিজেকে নির্দোষ দাবি করে তিনি স্ত্রীর সম্পৃক্ততাও অস্বীকার করেন।

আসামি সোহেল রানা সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আমি একা দোষী না, আমার স্ত্রীর দোষ নেই। সব দোষ ডলারের। আমি ধর্ষণ করছি, মারছে ডলার। ডলার দুই লাখ টাকা দিছে।’

সকাল পৌনে ৮টার দিকে দুই আসামিকে কারাগার থেকে মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় এনে রাখা হয়। আসামি সোহেলকে কেরানীগঞ্জ কারাগার থেকে এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে কাশিমপুর কারাগার থেকে নিয়ে আসে পুলিশ।