বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন সঞ্জয়

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী মঞ্চে নিজের পরিবেশনার মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরেছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয় দেব। তার সঙ্গে ছিলেন বলিউডের হিরোইন নোরা ফাতেহী, মাতান মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট এবং আলিসিয়া কারার মতো বিশ্বখ্যাত ও জনপ্রিয় কানাডিয়ান সংগীতশিল্পীরা। জেসি রেয়েজ এবং ফিলিস্তিনি গায়িকা এলিয়ানা সঙ্গীত পরিবেশন করেন, আলানিস মরিসেট, উইলিয়াম প্রিন্স লাইন-আপ সম্পূর্ণ করেন।

শনিবার টরন্টো স্টেডিয়ামে কানাডার উদ্বোধনী ম্যাচের আগে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে পারফর্ম করেন সঞ্জয়। নোরা ফাতেহি ও ফরাসি হিপ-হপ শিল্পী ভেভেড্রিমের সঙ্গে মঞ্চ মাতান তিনি। অনুষ্ঠানে তারা পরিবেশন করেন ফিফার অফিসিয়াল গান ‘সির সির’।

এ সময় তার পরনের বিশেষ নকশার মেরুন স্যুটে ফুটে ওঠে বাংলাদেশের জাতীয় প্রতীক রয়েল বেঙ্গল টাইগার, জাতীয় ফুল শাপলা এবং লাল-সবুজ পতাকার প্রতিচ্ছবি।

পারফরম্যান্সের সময় সঞ্জয় বারবার তার স্যুটের হাতার নকশার দিকে ইশারা করে বাংলাদেশের প্রতি নিজের ভালোবাসা ও গর্ব প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই দেশাত্মবোধক উপস্থাপনা ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

সঞ্জয়ের জন্ম বাংলাদেশের চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। শৈশবের একটি বড় সময় কেটেছে চট্টগ্রামে। পরবর্তীতে পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি।

বর্তমানে লস অ্যাঞ্জেলেসে বসবাসকারী এই শিল্পী বাংলা সংগীতের নানা উপাদানকে ইলেকট্রনিক সাউন্ডের সাথে মিশ্রিত করে আন্তর্জাতিক অঙ্গনে নিজের একটি স্বতন্ত্র ধারা তৈরি করেছেন।

গ্লোবাল প্ল্যাটফর্মে বিচরণ করলেও দেশের মাটির প্রতি সঞ্জয়ের টান সবসময়ই স্পষ্ট। সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এর অফিসিয়াল থিম সং তৈরিতেও তিনি নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। বলিউডের শ্রেয়া ঘোষালের মতো কিংবদন্তি শিল্পীর সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

সঞ্জয়ের সংগীত প্রযোজনায় কাজ করেছেন দেশের শীর্ষস্থানীয় একঝাঁক তারকা। হাবিব ওয়াহিদ, তাহসান খান ও জেফার রহমানের মতো শিল্পীদের সাথে তার সৃষ্টি করা গানগুলো শ্রোতামহলে দারুণ জনপ্রিয়।