কুবি কর্মকর্তা-কর্মচারীদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি:

চলমান ফুটবল বিশ্বকাপের আবহকে কেন্দ্র করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সৌহার্দ্য, সম্প্রীতি ও কর্মস্পৃহা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ ম্যাচে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

রবিবার (৫ জুলাই) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

কুবি কর্মকর্তা-কর্মচারীদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ম্যাচে দুটি দল অংশ নেয়। এক দলে ছিলেন গ্রেড-৫ থেকে গ্রেড-১২ পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীরা এবং অপর দলে ছিলেন গ্রেড-১৩ থেকে গ্রেড-২০ পর্যন্ত কর্মচারীরা।

ম্যাচের শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। নির্ধারিত সময় শেষে ২-২ গোলে সমতা থাকায় ফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। টাইব্রেকারে ৩-১ ব্যবধানে জয় লাভ করে গ্রেড-৫ থেকে গ্রেড-১২ পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীদের দল।

শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মনিরুল আলম বলেন, "আজকের এই খেলা সকলের মধ্যে কর্মস্পৃহা বৃদ্ধি করবে। সবার মধ্যে সৌহার্দ্যও বৃদ্ধি করবে বলে প্রত্যাশা করছি।"

উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম বলেন, "বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখেই আজকের এই আয়োজন করা হয়েছে। এই প্রীতি ফুটবল ম্যাচের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা খেলার আনন্দ ও সৌহার্দ্যের দৃষ্টান্ত স্থাপন করবেন বলে আমি আশা করি।"